করাচির রেস্তোরাঁয় খাবার পরিবেশনে রোবট

পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি রেস্তোরাঁয় টেবিলের মাঝ দিয়ে খাবার পরিবেশন করছে রোবট ওয়েট্রেস। যুক্তরাষ্ট্র বা চীনের মতো উন্নত বিশ্বে রেস্তোরাঁয় রোবটের ব্যবহার বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই দৃশ্য এখনও বেশ বিরল। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘সিসিলিয়ান’ নামের ওই রেস্তোরাঁটিতে আসা অতিথিদের টেবিলে সদ্য তৈরি পিৎজা পৌঁছে দিচ্ছে ‘রোবিয়া’ ও ‘জোজো’ নামের দুটি রোবট। ইলেকট্রনিক কণ্ঠে রোবিয়া অতিথিদের স্বাগত জানিয়ে বলে, ‘সিসিলিয়ানে আপনাদের স্বাগত। আমার নাম রোবিয়া।’ এ সময় লাল এলইডি বাতি দিয়ে তৈরি চোখের পলক ফেলে সে অতিথিদের দিকে তাকায়।

পাকিস্তানের প্রকৌশলী সৈয়দ ওসামা আজিজ নিজ হাতে স্থানীয় ও বিদেশ থেকে সংগৃহীত যন্ত্রাংশ ব্যবহার করে রোবট দুটি তৈরি করেছেন। নিজের গবেষণাগারে সার্কিট বোর্ড তৈরি ও প্রোগ্রামিং করা আজিজ এএফপিকে বলেন, রোবট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ এখানে সহজে পাওয়া যায় না। তাই আমাদের সেগুলো সংগ্রহ করতে হয়েছে।

ভবিষ্যতে রোবটগুলোতে ক্যামেরাভিত্তিক প্রযুক্তি ও ছবি বিশ্লেষণের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে তার, যাতে রোবটটি গ্রাহককে চেনার পাশাপাশি আগের অর্ডার করা খাবারের কথা মনে রেখে পরামর্শ দিতে পারে।

রেস্তোরাঁটিতে আসা ক্রেতারা এই নতুন অভিজ্ঞতায় বেশ উচ্ছ্বসিত। ক্রেতা আহমের জামির বলেন, এর সবচেয়ে ভালো দিক হলো, এটি নিজেই নিজের পরিচয় দেয়। সোনিয়া দিলোস্কা নামের আরেক তরুণী বলেন, এটি একটি যন্ত্র এবং এর কোনও আবেগ নেই। এ কারণেই গ্রাহকদের সঙ্গে এর আচরণ আমার ভালো লাগে।

রেস্তোরাঁর কর্মীরা জানান, রোবটগুলোর আকর্ষণে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। রেস্তোরাঁর কর্মী হেলেন বলেন, আমাদের ব্যবসা বেড়েছে। রোবট দেখতে অনেক দূর থেকে মানুষ আসছেন। এখানে এসে তারা প্রথমবারের মতো রোবট দেখছেন। রোবটগুলো দেখতে মানুষ খুবই উচ্ছ্বসিত।