এক জায়গায় চ্যাট ও কাজের সুবিধা, ডেস্কটপ অ্যাপে পরিবর্তন আনছে ওপেনএআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৫:৩১ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৫:৩১

চ্যাটবটের সঙ্গে কথোপকথনের পাশাপাশি বিভিন্ন কাজ সম্পন্ন করার সুবিধা আরও সহজ করতে চ্যাটজিপিটির ডেস্কটপ সংস্করণে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। এত দিন চ্যাটজিপিটির চ্যাটও ওয়ার্ক নামে আলাদা দুটি ট্যাব থাকলেও এবার সেগুলো এক জায়গায় যুক্ত করা হচ্ছে। ফলে কোনও বিষয়ে ধারণা নেওয়া থেকে শুরু করে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজও একই ইন্টারফেসে করা যাবে। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ব্যবহারকারীর জন্য নতুন সুবিধাটি চালু করে তাদের মতামত নেওয়া হবে। পরে ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।

বর্তমানে চ্যাটজিপিটির ডেস্কটপ সংস্করণে চ্যাটজিপিটি ও কোডেক্স নামে দুটি আলাদা বিভাগ রয়েছে। চ্যাটজিপিটি বিভাগের ভেতরে আবার চ্যাট ও ওয়ার্ক নামে পৃথক ট্যাব থাকায় ব্যবহারকারীদের কাজের প্রয়োজন অনুযায়ী একাধিক জায়গায় যেতে হয়। কোন কাজটি কোথায় শুরু করেছেন কিংবা কোনও প্রকল্পের ফাইল কোন অংশে রয়েছে, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয় ক্ষেত্রবিশেষে। নতুন ব্যবস্থায় চ্যাট ও ওয়ার্ক ট্যাব দুটি একীভূত হলে এই বিভাজন আর থাকবে না। ব্যবহারকারীরা সাধারণ কথোপকথনের মাধ্যমে কোনও ধারণা নিয়ে আলোচনা করার পর একই জায়গা থেকেই সেটি বাস্তবায়নের জন্য চ্যাটজিপিটিকে নির্দেশ দিতে পারবেন।

নতুন ইন্টারফেসে ব্যবহারকারীরা নিজেদের ফাইল ও প্লাগইন যুক্ত করে ওয়েবসাইট তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত কিংবা ইন্টারনেটে বিভিন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন। কাজ চলার সময় চ্যাটজিপিটি কী করছে, তা পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নির্দেশনা ও সংশোধনও দিতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, পরিকল্পনা থেকে শুরু করে বাস্তব কাজ সম্পন্ন করার পুরো প্রক্রিয়ায় সহায়তা করবে চ্যাটবটটি। তবে ডেস্কটপ অ্যাপের কোডেক্স আলাদা বিভাগ হিসেবেই থাকবে।

এ পরিবর্তনের সঙ্গে ব্যবহারের সীমাতেও একটি পরিবর্তন আনছে ওপেনএআই। চ্যাটজিপিটি ও কোডেক্স, দুই সেবার টোকেন ব্যবহারের জন্য আলাদা বরাদ্দ না রেখে একই ব্যবহারের সীমা নির্ধারণ করা হবে। ওপেনএআইয়ের ভাষ্য, অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে এতে তেমন প্রভাব পড়বে না। তবে কোন মডেল ব্যবহার করা হচ্ছে এবং কী পরিমাণ কাজ করা হচ্ছে, তার ওপর নির্ভর করে কিছু ব্যবহারকারীকে ব্যবহারের সীমা পুনরায় চালু হওয়ার জন্য আগের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

এর আগে সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের এআই সহকারী ক্লডের চ্যাট ও কো-ওয়ার্ক সুবিধা একই ইন্টারফেসে যুক্ত করেছে। এবার চ্যাটজিপিটিতেও একই ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। তবে নতুন ইন্টারফেসটি সবার জন্য কবে চালু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

/এসএইচএম/
সম্পর্কিত
করাচির রেস্তোরাঁয় খাবার পরিবেশনে রোবট
টেসলার সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের
মিশিগান সিনেট প্রার্থীর পক্ষে ভারত থেকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ
সর্বশেষ খবর
২৪ ক্লাবের অংশগ্রহণে ‘উল্লাস ২০২৬’, চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব
২৪ ক্লাবের অংশগ্রহণে ‘উল্লাস ২০২৬’, চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব
রিয়াদে আরামকোর ভবনে হামলার চেষ্টা, ধ্বংসাবশেষ পড়ে ভাঙলো জানালা
রিয়াদে আরামকোর ভবনে হামলার চেষ্টা, ধ্বংসাবশেষ পড়ে ভাঙলো জানালা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো
ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে