সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী করলো ফ্রান্স

ফ্রান্সের সুপারমার্কেটের শত শত রেফ্রিজারেটরে গত অক্টোবরের সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনও পদক্ষেপই বাদ দিচ্ছে না প্যারিস। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এ হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার ফ্রান্সইনফো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বারো জানান, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স।

তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই, আমরা কোনও কিছুই বাদ দিচ্ছি না। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আমরা যেসব পদক্ষেপকে প্রয়োজনীয় বলে মনে করব, তার সবই নেওয়া হবে। এর মধ্যে এমন কিছু ব্যবস্থাও থাকতে পারে, যা আমরা প্রকাশ্যে জানাবো না।

বারোর এ বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, সাইবার হামলার জবাবে কূটনৈতিক পদক্ষেপের বাইরেও ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্যারিস।

সূত্র: এএফপি