আন্তর্জাতিক সাময়িকী ফরচুন-এর ২০২৬ সালের এশিয়ার ১০০ জন সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় অষ্টম স্থান অর্জন করেছেন এইচসিএলটেক-এর চেয়ারপারসন রশ্নি নাদার মালহোত্রা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি বাজারজুড়ে তৈরি করা এই তালিকায় স্থান পাওয়া ভারতীয় নারী পেশাদারদের মধ্যে তিনিই শীর্ষে রয়েছেন। ভারতের বহুজাতিক তথ্যপ্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠান এইচসিএলটেকের পাশাপাশি তিনি ভামা সুন্দরী ইনভেস্টমেন্টস-এরও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
তালিকার শীর্ষ অবস্থানটি দখল করেছেন ডিবিএস গ্রুপের প্রধান নির্বাহী তান সু শান এবং দ্বিতীয় স্থানে রয়েছেন চীনা ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান লাক্সশেয়ারের সহ-প্রতিষ্ঠাতা গ্রেস ওয়াং। রশ্নি নাদার ২০১৫ সালে ফরচুনের বিশ্বব্যাপী প্রভাবশালী নারীদের বিশ্ব তালিকায়ও সপ্তম স্থানে ছিলেন।
২০২০ সালের জুলাইয়ে বাবা এবং কোম্পানির প্রতিষ্ঠাতা শিব নাদারের কাছ থেকে এইচসিএল-এর চেয়ারপারসনের দায়িত্ব নেন রশ্নি। এর মাধ্যমে ভারতের কোনও তালিকাভুক্ত প্রধান তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন তিনি। পরবর্তীতে ২০২৫ সালের মার্চে শিব নাদার এইচসিএল ও ভামা সুন্দরীতে থাকা তার ৪৭ শতাংশ শেয়ার রশ্নির নামে হস্তান্তর করেন।
ফরচুনের প্রতিবেদন অনুসারে, রশ্নি বর্তমানে তার প্রতিষ্ঠানকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক এন্টারপ্রাইজ হিসেবে পুনর্গঠন করছেন। গত বছর প্রতিষ্ঠানটি উন্নত এআই খাত থেকে ৬২০ মিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে ভারতে তার গ্রুপের ফক্সকনের সঙ্গে যৌথ উদ্যোগে উত্তর প্রদেশে ৪৪০ মিলিয়ন ডলারের একটি চিপ-প্যাকেজিং প্ল্যান্ট নির্মাণকাজ শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বৈচিত্র্য আনার বিষয়ে ফরচুন উল্লেখ করেছে, তিনি কোম্পানিটিকে অন্যান্য উপায়েও রূপান্তর করছেন: এর পরিচালনা পর্ষদে (বোর্ড) এখন ৫০ শতাংশই নারী, যা বিশ্বের যেকোনও প্রধান প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ হারগুলোর একটি।
এইচসিএল-এ যোগদানের আগে তিনি সংবাদ প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। শিক্ষাজীবনে তিনি নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ বিষয়ে পড়াশোনা শেষে কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, তিনি বর্তমানে ভারতের সবচেয়ে ধনী নারী। কর্পোরেট জগতের বাইরে তিনি পরোপকার ও প্রকৃতি সংরক্ষণে সক্রিয়। তিনি শিব নাদার ফাউন্ডেশনের ট্রাস্টি এবং প্রাকৃতিক আবাসস্থল ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংস্থা দ্য হ্যাবিট্যাটস ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা।
সূত্র: এনডিটিভি