ইনস্টাগ্রামে অন্যের পোস্ট বা রিলস নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার করতে এখন আর সেটি স্টোরিতে প্রকাশ করা কিংবা ডিএমে পাঠানোর প্রয়োজন পড়েনা। প্ল্যাটফর্মটির ‘রিপোস্ট’ সুবিধার মাধ্যমে একটি ট্যাপেই অন্য ব্যবহারকারীর প্রকাশ্য পোস্ট ও রিলস নিজের প্রোফাইলে যুক্ত করা যায়। এতে মূল নির্মাতার নাম ও কনটেন্টের স্বত্ব অক্ষুণ্ন থাকে। একই সঙ্গে রিপোস্ট করা কনটেন্ট ব্যবহারকারীর অনুসারীদের ফিডেও প্রদর্শিত হতে পারে।
২০২৫ সালের আগস্টে সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু করে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের কনটেন্ট নিজের অনুসারীদের কাছে পৌঁছে দিতে পারেন। রিপোস্ট করা পোস্ট বা রিলস প্রোফাইলের আলাদা একটি ট্যাবে জমা থাকে। ফলে পরবর্তী সময়ে সহজেই সেগুলো খুঁজে পাওয়া যায়। রিলসের ‘ফ্রেন্ডস’ ট্যাবেও এসব কনটেন্ট দেখা যেতে পারে। তবে স্টোরিতে শেয়ার করার মতো এটি ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যায়না; প্রোফাইলে থেকে যায়, যতক্ষণ না ব্যবহারকার সেটি সরিয়ে ফেলেন।
যেভাবে অন্যের পোস্ট বা রিলস রিপোস্ট করবেন
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে পছন্দের কোনো প্রকাশ্য পোস্ট বা রিলস নির্বাচন করতে হবে। কনটেন্টটির নিচে লাইক ও মন্তব্যের আইকনের পাশে দুটি বাঁকানো তীরের মতো দেখতে রিপোস্ট আইকন রয়েছে। সেখানে ট্যাপ করলেই সেটি নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার হয়ে যাবে। চাইলে রিপোস্টের সঙ্গে নিজের একটি ছোট মন্তব্যও যুক্ত করা যায়। এ জন্য রিপোস্ট আইকনে ট্যাপ করার পর সংশ্লিষ্ট আইকনে ট্যাপ করে মন্তব্য লিখে ‘সেভ’ নির্বাচন করতে হবে।
তবে সব পোস্ট বা রিলস রিপোস্ট করা যায় না। মূল নির্মাতা যদি নিজের কনটেন্ট অন্যদের রিপোস্ট করার অনুমতি বন্ধ রাখেন, তাহলে এই সুবিধাটি প্রযোজ্য হবে না। নিজের প্রকাশিত পোস্ট ও রিলস অন্যরা রিপোস্ট করতে পারবেন কি না, সেটিও নিয়ন্ত্রণ করা যায় নিজ প্রোফাইল থেকেই। এ জন্য প্রোফাইলে গিয়ে ওপরের মেনু থেকে ‘শেয়ারিং অ্যান্ড রিইউজ’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যালাউ পিপল টু শেয়ার ইয়োর পোস্টস অ্যান্ড রিলস’ অংশে গিয়ে ‘রিপোস্টস অন পোস্টস অ্যান্ড রিলস’ চালু করতে হবে।
ভুল করে রিপোস্ট হলে যেভাবে সরাবেন
ভুল করে কোনো পোস্ট রিপোস্ট হয়ে গেলে সেটি সরানোরও সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পোস্ট বা রিলসে গিয়ে আবার রিপোস্ট আইকনে ট্যাপ করলেই সেটি বাতিল হয়ে যায়। এ ছাড়া পোস্টটি কিছুক্ষণ চেপে ধরে ‘ডিলিট রিপোস্ট’ নির্বাচন করা যায়। একাধিক রিপোস্ট একসঙ্গে সরাতে প্রোফাইলের ‘ইয়োর অ্যাক্টিভিটি’ থেকে ‘রিপোস্টস’ বিভাগে যেতে হবে। সেখানে ‘সিলেক্ট’ নির্বাচন করে যেসব পোস্ট সরাতে চান, সেগুলো চিহ্নিত করে নিচের ‘ডিলিট’ অপশনে ট্যাপ করতে হবে।