বিদেশে গিয়ে সিম কার্ড কেনার ঝামেলা কমাবে হোয়াটসঅ্যাপ, আসছে ই-সিম সুবিধা

বিদেশ ভ্রমণের সময় বিমানবন্দরে নামার পরপরই পরিবার-পরিজনদের নিজের পৌঁছানোর খবর দেওয়া, গাড়ি বা হোটেলের সঙ্গে যোগাযোগ কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজতে তাৎক্ষণিক ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। অথচ অনেক সময় স্থানীয় সিম কার্ড কিনতে দোকান খুঁজতে হয়, আবার আন্তর্জাতিক রোমিং চালু করলেও গুনতে হয় বাড়তি খরচ। ভ্রমণের শুরুতেই এসব ঝামেলা এড়াতে এবার হোয়াটসঅ্যাপ থেকেই বিদেশে ব্যবহারের জন্য ই-সিম কেনা ও ইনস্টল করার সুবিধা আনছে মেটা। এতে গন্তব্য দেশে পৌঁছানোর পর নতুন সিম কার্ডের জন্য অপেক্ষা না করে নিজের আগের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ভ্রমণকারীরা।

গত ২৬ নভেম্বর হোয়াটসঅ্যাপের একটি ব্লগপোস্টে বলা হয়েছে, আসন্ন এই সুবিধার আওতায় মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করেই অ্যাপ থেকে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ডেটা ই-সিম কেনা ও ইনস্টল করা যাবে। অর্থাৎ ডেটা প্যাকেজ কিনতে আলাদা কোনো ওয়েবসাইট বা সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাপে যেতে হবে না। গন্তব্য দেশের জন্য উপলভ্য ডেটা প্যাকেজগুলো যাচাই করে পছন্দের প্যাকেজ কিনতে পারবেন ব্যবহারকারীরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ‘অ্যাকাউন্ট’ বিভাগে নতুন একটি অপশন হিসেবে সুবিধাটি যুক্ত হতে পারে। অ্যান্ড্রয়েড ও আইওএস, উভয় অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্যই সুবিধাটি চালুর জোর প্রস্তুতি চলছে।

ই-সিম মূলত প্রচলিত সিম কার্ডের ডিজিটাল সংস্করণ, যা স্মার্টফোনের ভেতরে থাকা বিশেষ চিপের মাধ্যমে সক্রিয় করা যায়। ফলে বিদেশে ভ্রমণের সময় ইন্টারনেট সংযোগ পেতে নতুন কোনো ফিজিক্যাল সিম কার্ড কিনে ফোনে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপের নতুন সেবায় ই-সিমটি মূলত মোবাইল ডেটা ব্যবহারের জন্য কাজ করবে। ফলে বিদেশে এই সংযোগ ব্যবহার করে ইন্টারনেট চালালেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের আগের নম্বর অপরিবর্তিত থাকবে। পরিচিতদের সঙ্গে আগের নম্বরেই যথারীতি বার্তা আদান-প্রদান ও কল করা যাবে। তবে ই-সিম ব্যবহারের জন্য স্মার্টফোনে এ প্রযুক্তির সমর্থন থাকতে হবে।

সেবাটি চালু করতে বিভিন্ন ই-সিম সরবরাহকারী ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অংশীদারদের মধ্যে রয়েছে ভারতের জিও, স্মার্ট অ্যাক্সিয়াটা, স্মার্ট কমিউনিকেশন্স ও যুক্তরাষ্ট্রের ভেরাইজন। এ ছাড়া আরও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে মেটা। ফলে কোন দেশে কী ধরনের ডেটা প্যাকেজ পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট সেবাদাতার ওপর নির্ভর করবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শিগগিরই নির্বাচিত কয়েকটি দেশে পর্যায়ক্রমে সুবিধাটি চালু হবে। তবে প্রাথমিকভাবে কোন কোন দেশে এটি পাওয়া যাবে, প্যাকেজে কত ডেটা থাকবে, ব্যবহারের মেয়াদ কত দিন হবে কিংবা দাম কত পড়বে, এসব বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।