স্মার্টফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যাওয়া এখন অনেকেরই নিত্যদিনের সমস্যা। প্রয়োজনের মুহূর্তে ছবি তুলতে গেলে, ভিডিও ধারণ করতে চাইলে কিংবা নতুন কোনও অ্যাপ ডাউনলোডের সময় হঠাৎই স্ক্রিনে ভেসে ওঠে ‘স্টোরেজ ফুল’ বার্তা। তবে চিন্তার কিছু নেই। ফোনের কিছু সহজ সেটিংস ব্যবহার করেই মাত্র এক ক্লিক বা কয়েকটি ধাপে জিবির পর জিবি স্টোরেজ খালি করা সম্ভব, তাও গুরুত্বপূর্ণ ফাইল না হারিয়েই।
ফোনের স্টোরেজ সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায়-
স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশের নিত্যদিনের মাথা ব্যথার কারণ ‘লো স্টোরেজ’ বা ‘স্টোরেজ ফুল’ সমস্যা। নতুন কোনও অ্যাপ ইনস্টল করতে গেলে, ছবি তুলতে গেলে কিংবা কোনো ফাইল ডাউনলোড করতে গেলেই স্ক্রিনে সতর্কবার্তা দেখায়। অনেকে প্রয়োজনীয় ছবি বা ভিডিও ডিলিট করেও ফোনের মেমোরি খালি করতে পারেন না।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনও দরকারি ফাইল, ছবি বা ভিডিও ডিলিট না করেই ফোনের জিবি জিবি জায়গা এক ক্লিকেই খালি করে নেওয়া সম্ভব। কীভাবে করবেন জেনে নিন সহজ কিছু উপায়:
১. ‘ক্যাশ ডাটা’ বা ক্যাশ ফাইল ক্লিয়ার করুন (সবচেয়ে কার্যকরী)
আমরা যখন প্রতিদিন ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো ব্যবহার করি, তখন এগুলো ফোনে প্রচুর পরিমাণে অস্থায়ী ফাইল বা ‘ক্যাশ ডাটা’ জমা করে। তাই এগুলো খালি করা প্রয়োজন।
কীভাবে করবেন: ফোনের সেটিংস অপশনে যান > অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করুন। এবার যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন (যেমন: ফেসবুক, ইউটিউব, ক্রোম, হোয়াটসঅ্যাপ) সেগুলোর ওপর ট্যাপ করে স্টোরেজ অপশনে যান। সেখানে নিচে ‘ক্লিয়ার ক্যাচ’ অপশন পাবেন। এখানে ক্লিক করলেই এক নিমেষে কয়েক জিবি জায়গা খালি হয়ে যাবে।
সতর্কতা: ভুল করেও ‘ক্লিয়ার ডাটা’ বা ‘ক্লিয়ার স্টোরেজে’ ক্লিক করবেন না, এতে অ্যাপটি নতুন করে সেটআপ করতে হবে এবং পাসওয়ার্ড রিমেট হতে পারে।
২. হোয়াটসঅ্যাপের ‘মিডিয়া অটো-ডাউনলোড’ বন্ধ রাখুন
ফোনে স্টোরেজ ফুল হওয়ার অন্যতম খলনায়ক হলো হোয়াটসঅ্যাপ। বিভিন্ন গ্রুপ বা চ্যাটে আসা হাজারো ছবি ও ভিডিও আমাদের অজান্তেই গ্যালারিতে ডাউনলোড হয়ে স্টোরেজ দখল করে নেয়। সেগুলো খালি করুনঅ
কীভাবে করবেন: হোয়াটসঅ্যাপের সেটিংসে যান > স্টোরেজ এন্ড ডাটাতে ক্লিক করুন। সেখানে মিডিয়া অটো-ডাউনলোড অপশনে গিয়ে ভয়েস বাদে ফটো এবং ভিডিওর ক্ষেত্রে ‘নো মিডিয়া’ বা ‘নেভার’ করে দিন। এতে আপনার অনুমতি ছাড়া কোনও ফাইল ডাউনলোড হবে না।
৩. ডিলিট করা ফাইল ‘ট্র্যাশ’ বা ‘বিন’ থেকে স্থায়ীভাবে মুছুন
অনেকেই ভাবেন গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে ছবি-ভিডিও ডিলিট করলেই কাজ শেষ। আসলে তা নয়। এগুলো ফোনের ‘ট্রাশ’ বা ‘রিসাইকেল বিন’ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত জমা থাকে। এগুলো ক্লিয়ার করুন।
কীভাবে করবেন: গ্যালারি বা ফাইল ম্যানেজারের অ্যালবাম বা কালেকশনে গিয়ে একদম নিচে রিসেন্টলি ডিলেটেড বা ট্রাশ অপশনটি খুঁজুন। সেখানে গিয়ে ‘এমটি ট্রাশ’ বা ‘ডিলেট অল’ করে দিন। এক ক্লিকেই অনেক জায়গা ফাঁকা হবে।
৪. গুগল ফাইলস অ্যাপের ব্যবহার
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফাইলস একটি চমৎকার অ্যাপ। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফোনের অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে।
কীভাবে করবেন: অ্যাপটি ওপেন করে নিচে ক্লিন অপশনে ক্লিক করলেই এটি আপনাকে ডুপ্লিকেট (একই ছবি দুইবার থাকা) ছবি, বড় ফাইল এবং জাঙ্ক ফাইল দেখাবে। আপনি জাস্ট এক ক্লিকে সেগুলো ডিলিট করে দিতে পারবেন।
৫. ক্লাউড স্টোরেজের স্মার্ট ব্যবহার
ফোনের ভেতরের মেমোরি খালি রাখতে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখার জন্য গুগল ড্রাইভ বা গুগল ফটোজ ব্যবহার করুন। সেখানে ১৫ জিবি পর্যন্ত ফ্রি জায়গা পাওয়া যায়। ছবি সেখানে আপলোড করে ফোন থেকে ডিলিট করে দিলে ফোনের স্টোরেজ সবসময় নতুনের মতো খালি থাকবে।
ফোনের পারফরম্যান্স ঠিক রাখতে এবং হ্যাং হওয়া থেকে বাঁচাতে আজই এই ট্রিকসগুলো অ্যাপ্লাই করে আপনার ফোনের স্টোরেজ খালি করে নিন!