এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে

স্যামসাং ফোনে তোলা সকল ছবি বা ভিডিও ডিফল্টভাবেই ফোনটির গ্যালারি অ্যাপে সেভ হয়। এত দিন অ্যাপটিতে থাকা ছবি-ভিডিও গুগলের ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে আলাদা করে গুগল ফটোস অ্যাপ ব্যবহার করতে হতো। এবার গ্যালারি অ্যাপ থেকেই সরাসরি গুগল অ্যাকাউন্টে ছবি ও ভিডিও সিঙ্ক করার সুবিধা চালু করেছে স্যামসাং। এর ফলে একই অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটে ছবি দেখার পাশাপাশি ফোনের স্টোরেজ খালি করাও সহজ হবে।

নতুন সুবিধাটি চালু করতে গ্যালারি অ্যাপের ক্লাউড আইকনে ট্যাপ করতে হবে। চাইলে অ্যাপের সেটিংস থেকে ‘সিংক ফটোস এন্ড ভিডিওস’ অপশন চালু করেও প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। এ জন্য ফোনে স্যামসাং ও গুগল, দুই অ্যাকাউন্টেই সাইন ইন করা থাকতে হবে। এজন্য আলাদা কোনো ক্লাউড অ্যাকাউন্ট তৈরি করতে হবে না।

সিঙ্ক চালু হলে গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও গুগল অ্যাকাউন্টের স্টোরেজে সংরক্ষিত হবে। একই স্যামসাং ও গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা অন্য সমর্থিত গ্যালাক্সি ফোন বা ট্যাবলেটেও সেগুলোর প্রিভিউ দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ছবি বা ভিডিও নির্বাচন করে সেগুলোর মূল ফাইল সংশ্লিষ্ট ডিভাইসে ডাউনলোড করা যাবে। তবে আগে থেকে গুগল ফটোসে সংরক্ষিত ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্যামসাং গ্যালারিতে দেখা যাবে না। নতুন সুবিধা চালুর পর গ্যালারি থেকে সিঙ্ক করা ফাইলগুলোই সেখানে পাওয়া যাবে।

নতুন সুবিধার সঙ্গে ফোনের স্টোরেজ খালি করার ব্যবস্থাও যুক্ত করেছে স্যামসাং। গ্যালারির সিঙ্ক সেটিংসে থাকা ‘ফ্রি আপ স্পেস’ অপশন ব্যবহার করলে গুগল স্টোরেজে সিঙ্ক হয়ে যাওয়া ছবি ও ভিডিওর মূল ফাইল ফোন থেকে মুছে ফেলা যাবে। তবে গ্যালারিতে সেগুলোর ছোট আকারের প্রিভিউ বা থাম্বনেইল দেখা যাবে। কোনো ফাইল খুলতে চাইলে সেটি আবার ডাউনলোড করে নেওয়া যাবে।

তবে নতুন সুবিধা ব্যবহারের ক্ষেত্রে গুগল অ্যাকাউন্টের নির্ধারিত স্টোরেজ থেকেই জায়গা খরচ হবে। প্রতিটি গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে ১৫ জিবি স্টোরেজ দেওয়া হয়। এই জায়গা গুগল ফটোসের ছবি-ভিডিও, গুগল ড্রাইভের ফাইল এবং জিমেইলের যাবতীয় তথ্যাদি সংরক্ষণের জন্য সম্মিলিতভাবে ব্যবহার করতে হয়। ফলে এসব সেবায় থাকা সব তথ্যের মোট আকার ১৫ জিবি ছাড়িয়ে গেলে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে। এ জন্য গুগল ওয়ানের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে।

গত সেপ্টেম্বরে স্যামসাং গ্যালারি অ্যাপের সঙ্গে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের সরাসরি সিঙ্ক সুবিধা বন্ধ করে দেয়। গুগল ফটোসের নতুন এই সমন্বয় সেই ব্যবস্থার বিকল্প হিসেবে এসেছে। বর্তমানে ওয়ান ইউআই ৯ চালিত নির্বাচিত গ্যালাক্সি ডিভাইসে সুবিধাটি পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য সমর্থিত ডিভাইসেও এটি চালু করা হবে। তবে ডিভাইসের মডেল ও ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থানভেদে সুবিধাটি পাওয়ার সময় ভিন্ন হতে পারে।