রজধানীর বিভিন্ন এলকায় বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি পড়েছে ভোর পর্যন্ত। এরপর সকাল থেকে নানা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের পর থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে আরও কয়েক দিন।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, গুলশান, উত্তরা, পুরান ঢাকা, খিলগাঁও, বসুন্ধরা, আগারগাঁও, তেজগাঁও, মগবাজারসহ প্রায় সব এলাকাতেই বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও রাস্তায় পানিও জমে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।