রাজধানীতে ফের বৃষ্টি, সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া

গতকাল শুক্রবারের পর আজও দুপুরের দিকে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে মুহূর্মুহু বজ্রপাত ও দমকা ঝড়ো হাওয়া বইতে দেখা গেছে।

শনিবার (১৩ জুন) দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকে। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে খোলা স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।