ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।