মেঘলা আকাশ, কেমন কাটবে আজকের দিন

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশে আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।