বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৮টার সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ৪র্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৬৭ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস সাধারণ নগরবাসীর স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক বা একিউআই মানদণ্ডে ২২৫ স্কোর নিয়ে দূষিত বাতাসের বৈশ্বিক তালিকার শীর্ষে অবস্থান করছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৬৮ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ৩য় স্থানে রয়েছে।

১৬৭ স্কোর নিয়ে তালিকার চার নম্বরে ঢাকা অবস্থানের পর ১৫৪ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং শহর পঞ্চম এবং ১৫২ স্কোর নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি ষষ্ঠ স্থানে রয়েছে। এ ছাড়া ১৩৭ স্কোর নিয়ে যৌথভাবে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে সিঙ্গাপুর ও ভারতের রাজধানী দিল্লি। তালিকার নবম স্থানে কাতারের দোহা (১২৭) এবং দশম স্থানে রয়েছে বাহরাইনের মানামা (১২১)।

বায়ুমান বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ফেলা হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের বাইরে না যাওয়ার এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হলে ফেস মাস্ক পরিধান করার পরামর্শ দেওয়া হয়।