আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ১৫২ একিউআই স্কোর নিয়ে বিশ্বজুড়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লির সঙ্গে যৌথভাবে ৭ম স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালের আইকিউএয়ারের সর্বসাম্প্রতিক তালিকায় দেখা যায়, ১৮২ স্কোর নিয়ে বিশ্বজুড়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৬৩ স্কোর নিয়ে ৩য় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা।
তালিকায় ১৬২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।
বাংলাদেশের ঢাকা এবং ভারতের দিল্লি ১৫২ স্কোর নিয়ে যৌথভাবে ৭ম ও ৮ম স্থানে অবস্থান করছে। অন্যদিকে ১৫১ স্কোর নিয়ে কম্বোডিয়ার রাজধানী পনম পেন ৯ম এবং ১৪৮ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১০ম স্থানে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এমন পরিস্থিতিতে সংবেদনশীল ব্যক্তি, বিশেষ করে শিশু, বয়োবৃদ্ধ ও অ্যাজমা আক্রান্ত রোগীদের দীর্ঘসময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।