বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। নতুন লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে কমোরিন ও তৎসংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।