রাজধানী ঢাকার বাতাসের মানে আরও অবনতি ঘটেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর লাইভ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার হালনাগাদ তথ্যে ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৩। গতকালের (১৬৬) চেয়ে দূষণ আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে শীর্ষ দূষিত নগরীর তালিকায় ঢাকা দুই ধাপ এগিয়ে ৫ম স্থানে উঠে এসেছে। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
আজও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের নগরী হিসেবে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৮৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ২৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৭৭ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা ৩য় এবং ১৭৪ স্কোর নিয়ে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই ৪র্থ স্থানে রয়েছে।
তালিকার শীর্ষ ১০ দূষিত শহরের বর্তমান চিত্র: ১. লাহোর, পাকিস্তান – ২৮৬ (খুবই অস্বাস্থ্যকর) ২. দিল্লি, ভারত – ২৩৮ (খুবই অস্বাস্থ্যকর) ৩. কাম্পালা, উগান্ডা – ১৭৭ (অস্বাস্থ্যকর) ৪. মুম্বাই, ভারত – ১৭৪ (অস্বাস্থ্যকর) ৫. ঢাকা, বাংলাদেশ – ১৭৩ (অস্বাস্থ্যকর) ৬. কলকাতা, ভারত – ১৬৬ (অস্বাস্থ্যকর) ৭. কুয়ালালামপুর, মালয়েশিয়া – ১৬৬ (অস্বাস্থ্যকর) ৮. জাকার্তা, ইন্দোনেশিয়া – ১৫৯ (অস্বাস্থ্যকর) ৯. কিনশাসা, কঙ্গো – ১৪৫ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর) ১০. মানামা, বাহরাইন – ১৪৪ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।
স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সাধারণ মানুষের জন্য বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ঢাকার বায়ুদূষণ ক্রমাগত বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা বয়স্ক, শিশু এবং অ্যাজমা রোগীদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।