আগামী জুন মাসে দেশের দারিদ্র্য হার কমে ২৩ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারের সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে দেশের দারিদ্র্য হার ২৪ দশমিক ৮ শতাংশ।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হিসাব করার পর এই দারিদ্র্য হার হবে।
তিনি আরও বলেন, দেশে প্রতিবছর যে প্রবৃদ্ধি হয়, এর দুই-তৃতীয়াংশই দারিদ্র্য বিমোচনে কাজে লাগে। তবে প্রথম দিকে যে গতিতে দারিদ্র্য বিমোচন হয়, শেষের দিকে সেই গতিতে হয় না।
আজকের একনেক সভায় ৫ হাজার ৭২৭ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৬৯ কোটি টাকা, প্রকল্প সহায়তা আসবে ২ হাজার ৯৪৮ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো দেবে ১০ কোটি টাকা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো ১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবির সদর দপ্তরের ভৌত সুবিধাদির উন্নয়ন, ৩০৪ কোটি টাকা ব্যয়ে প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রকল্প, ১৬৬ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প, ১০৮ কোটি টাকা ব্যয়ে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প, ২০৯ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর এলাকা সংরক্ষণ প্রকল্প, ১২২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দী ভবন নির্মাণ প্রকল্প এবং ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রকল্প।
/এসএনএইচ/এজে/








