১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ না করে ‘প্যাকেজ ভ্যাট’ বহাল রাখার দাবিতে সারা দেশে একঘণ্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন খুচরা দোকান ব্যবসায়ীরা।
সোমবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয়ভাবে রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করে দেশের খুচরা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি।
একই সময়ে সোনারগাঁও হোটেলের বিপরীতের রাস্তায় মানববন্ধন করেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এছাড়াও রাজধানীর পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার, বেগমগঞ্জ, উর্দু রোড, নিউমার্কেটেও মানববন্ধন করতে দেখা গেছে ব্যবসায়ীদের।
নতুন অর্থবছরে ১৫ শতাংশ ভ্যাটের নিয়ম চালু হলে তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ী উভয় মহল ‘বিশৃঙ্খলার মুখে’ পড়বে জানিয়ে গত রবিবার এক সংবাদ সম্মেলনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।
এতোদিন ধরে চালু থাকা ‘প্যাকেজ ভ্যাটের’ নিয়ম যেন নতুন ভ্যাট আইনে সংযুক্ত করা হয় সেজন্য ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেও কামনা করেন সংগঠনের নেতারা।
কর্মসূচি শেষে ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শাহ আবু মোতালেব বলেন, সারা দেশের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনের সামনে মানববন্ধন করেছেন। তৃণমূল পর্যায়ের বেশির ভাগ ব্যবসায়ী এতে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, আজ সারাদেশের ১৬৬ চেম্বারসহ সব ব্যবসায়ী এক সঙ্গে আন্দোলন করছেন। আমরা কোনও অবস্থাতেই প্যাকেজ ভ্যাট বাদ দেওয়াকে মেনে নেব না।
এ সময় তিনি নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট না থাকলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।
/এসএনএইচ/








