রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, ৩১ মার্চ ২০১৬ সাল পর্যন্ত হিসাবে, সোনালী ব্যাংকের দুই হাজার ৮৫০ কোটি, রূপালী ব্যাংকের ৪৪৪ কোটি ও বেসিক ব্যাংকের দুই হাজার ২৩৬ কোটি মূলধন ঘাটতি রয়েছে। কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০১৫-১৬ অর্থবছরে হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মানুষের মাথাপিছু গড় সঞ্চয়ের পরিমাণ ২৫ হাজার ৮৪৩ টাকা।
মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত সরকারের সর্বশেষ সময় থেকে বর্তমান সরকার আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির হার ৭২৮ দশমিক ৭০ শতাংশ।
মন্ত্রী জানান, বিএনপি জামায়াত ক্ষমতা গ্রহণের সময়ে ১ অক্টোবর ২০০১ তারিখে রিজর্ভের স্থিতি ছিল এক হাজার ১৫৩ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। তারা ক্ষমতা ছাড়ার সময় ২৭ অক্টোবর ২০০৬ তারিখে রিজার্ভ ছিল তিন হাজার ৪৮২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর বর্তমানে ১ জুন ২০১৬ তারিখে রিজার্ভ দাড়িয়েছে ২৮ হাজার ৮৬২ দশমিক ৩২ মিলিয়ন ডলার।
পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, রাজস্ব বোর্ডের তথ্য মতে বর্তমানে প্রায় ১০ হাজার বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত আছেন। এদের মধ্যে জাতিসংঘ, বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় বিশেষ সুবিধাভোগী ব্যক্তি (কর অব্যহতিপ্রাপ্ত) ছাড়া মোট ৮ হাজার ১১৪টি আয়কর নথি চালু আছে। চলতি অর্থবছরে সাত হাজার ৬৭৬ জন বিদেশি নাগরিক ২৮৪ কোটি ৮২ লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন।
কোনও বিদেশি আয়কর গোপন করছেন কি না সেই বিষয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রী জানান।
জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে নিবন্ধিত ১৯ লাখ ৬৩ হাজার ৩৩১ জন করদাতার মধ্যে মহিলা করদাতার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৮৩১ জন।
আরও পড়ুন-
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান ষড়যন্ত্রমূলক: হানিফ
বৈশ্বিক পদ্ধতিকেই দায়ী করলেন ড. আতিউর রহমান
/ইএইচএস/এফএস/








