এটিএম বুথে টাকার সংকট এখনই, ব্যাংক খুলবে ৫ দিন পর

গোলাম মওলা
০৫ জুলাই ২০১৬, ০২:২৯আপডেট : ০৫ জুলাই ২০১৬, ০৭:৪১

এটিএম বুথ ব্যাংকগুলোর এটিএম বুথে এখনই টাকার সংকট দেখা দিয়েছে। অথচ ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ। এদিকে, অনেক গ্রাহক এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন। সোমবার (সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত) কিছু কিছু স্থানে ব্যাংক খোলা থাকলেও অনেকেই ব্যাংকিং সেবা পাননি। এর ফলে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে গ্রাহকদের। টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন আসলাম আলম। সোমবার দুপুরে তার ঢাকা ছাড়ার কথা। এ কারণে সব প্রস্তুতিও নিয়ে রেখেছেন তিনি। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ইসলামী ব্যাংকের হেড অফিস সংলগ্ন শাখায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে গেলে তাকে বলা হয়, আজ মাত্র প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলো থেকে লেনদেন করার সুযোগ রয়েছে। পরে তিনি পাশের একটি এটিএম বুথে যান। কিন্তু সেখানেও দেখা দেয় বিপত্তি। ততক্ষণে তার গাড়ি ছাড়ারও সময় হয়, বাধ্য হয়ে টাকা না নিয়েই ঢাকা ছাড়েন।
একইভাবে ইংরেজি দৈনিক নিউনেশনের সাংবাদিক গাজী আনোয়ার সোমবার দুপুরে ওই বেসরকারি ব্যাংকে কিছু টাকা জমা দিতে গেলে তাকেও বলা হয়, কেবল প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলো থেকে লেনদেন করার সুযোগ রয়েছে। এ কারণে তিনি বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে তার আত্মীয়ের কাছে টাকা পাঠান।
একইভাবে অন্যান্য ব্যাংকের এটিএম বুথে গ্রাহকদের ভোগান্তি লক্ষ করা গেছে। জানা গেছে, আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর ফলে ঈদ উৎসবের এই ছুটিতে এটিএম বুথে টাকা তোলার চাপ বাড়ছে।

প্রসঙ্গত, প্রতিবছরই দেখা যায়, ঈদের সময় এটিএম বুথে লেনদেনে নানা সমস্যা হয়। বিশেষ করে বুথে টাকা না থাকা, স্ক্রিনে ‘আউট অব সার্ভিস’লেখা, কার্ড আটকে যাওয়াসহ নানা ভোগান্তিতে পড়েন গ্রাহক। এসব ভোগান্তি থেকে পরিত্রাণে প্রতিবছরই ঈদের আগে বুথে পর্যাপ্ত টাকা রাখতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দেওয়া হয়। কিন্তু প্রতিবছরই বুথে টাকা থাকে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদের ছুটি পড়েছে অন্যবারের চেয়েও একটু বেশি। সোমবার কিছু কিছু ব্যাংকের শাখা খোলা থাকলেও টানা ৯ দিন এটিএম বুথের ওপর চাপ বাড়বে। এ কারণে গ্রাহকরা যেন নগদ টাকা পেতে কোনও সমস্যায় না পড়েন সেজন্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ভাবে শাখা ও এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।’

বাংলাদেশ ব্যাংক গত সোমবার এ বিষয়ে দু’টি বিশেষ নির্দেশনা দিয়েছে। কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক নির্দেশনায় টানা ৯ দিনের ছুটিতে দৈনন্দিন ও স্বাভাবিক লেনদেনের সুবিধার্থে ব্যাংকের এটিএম বুথ থেকে নিরবচ্ছিন্ন ও নিরাপদে টাকা উত্তোলনের সুবিধার্থে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থাসহ বুথগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা অন্য একটি সার্কুলারে বলা হয়েছে, ঈদ উৎসবে গ্রাহকদের কেনাকাটা ও ছুটিকালীন ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকরা এটিএম, পস (পয়েন্ট অব সেলস) এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বেশি লেনদেন করেন। ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন নিশ্চিত করতে এটিএম ও পস নেটওয়ার্ক চালু রাখা এবং এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনও অবস্থাতেই বুথ বন্ধ রাখা যাবে না। এটিএমে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান নিশ্চিত করতে হবে। আর পসের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে কোনও বিক্রেতা যেন নির্ধারিত মূল্যের অতিরিক্ত চার্জ না কাটে, সে বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সেজন্য সার্বক্ষণিক হেল্পলাইন সাপোর্ট দিতে হবে। সব ধরনের ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। আর যেকোনও পরিমাণের এটিএম ও পস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট দিতে বলা হয়েছে। কোনও কারণে পস বন্ধ থাকলে আগেই তা গ্রাহককে জানানোর পাশাপাশি অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দুই স্তরবিশিষ্ট যাচাই ব্যবস্থা চালু রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে ব্যাংকগুলোর ৭ হাজার ৯৫৪টি এটিএম বুথ রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর বুথের সংখ্যা ৭ হাজার ৬২৫টি। এসব বুথের বেশিরভাগই ডাচ-বাংলা ও ব্র্যাক ব্যাংকের। বাকি ৩২৯টি বুথ সরকারি ও বিদেশি ব্যাংকের। সারাদেশের ৮৮ লাখ ডেবিট ও প্রায় ৭ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক এসব এটিএম বুথ থেকে লেনদেন করেন।

সাধারণভাবে একটি এটিএম বুথে একবারে ৪০ লাখ টাকা রাখে ব্যাংক। টাকা ফুরিয়ে গেলে তৃতীয় পক্ষের মাধ্যমে তা আবার ঢোকানো হয়। তবে ছুটিকালীন বুথের নিরাপত্তাজনিত কারণে টাকা ফুরিয়ে গেলেও অনেক সময় ঢোকানো হয় না। যদিও ঈদসহ যে কোনও ছুটিতে এটিএম থেকে টাকা তোলার চাহিদা কয়েকগুণ বাড়ে।

এ প্রসঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মো. শিরিন জানিয়েছেন, এবারের ঈদের ছুটিতে যেন সমস্যা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। তিনি মনে করেন, এটিএম বুথ থেকে টাকা তোলার চাপ বাড়ায় অনেক ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে থাকে। তবে এবার যেন কোনও সমস্যা না হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি বলেন, ‘কোনও বুথে টাকা না থাকলেও পার্শ্ববর্তী শাখা যেন ঢোকানোর ব্যবস্থা করে, সেই নির্দেশনা দেওয়া আছে।’

/এজে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম