রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় বিদেশিদের মৃত্যুতে বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কায় জঙ্গিবাদবিরোধী কনভেনশন করবে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান।
গত ১ জুলাই গুলশান হামলায় ১৭ জন বিদেশিকে হত্যা করে জঙ্গিরা। যার মধ্যে নিহত জাপানিরা মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন, নিহত ইতালীয়দের অধিকাংশই বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতা।
ওই হামলার পর বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের অনেক ক্রেতা সফর স্থগিত করেছেন জানিয়ে ওই ঘটনার নেতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তার মধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জঙ্গিবাদের এই সমস্যা মোকাবেলায় নিজেদের তৎপরতার কথা জানান এফবিসিসিআই সভাপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় এফবিসিসিআই সভাপতি বলেন, সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চায়।
মাতলুব আরও বলেন, শিগগিরই ঢাকায় ওই কনভেনশন আয়োজন করতে যাচ্ছেন তারা। তাতে সারাদেশের সব চেম্বার এবং ব্যবসায়ীরা অংশ নেবে।
সাক্ষাতের সময় কিশোরগঞ্জের ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ’কে নিজের প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেন এফবিসিসিআই সভাপতি মাতলুব।
/এসএনএইচ/








