ব্যাংকিং সেক্টরে নতুন যুক্ত হওয়া সীমান্ত ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের শর্ত শিথিল করা হয়েছে। শেয়ার ধারণে ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে এই ব্যাংকটিকে। বাংলাদেশ গেজেটে এই বিষয়টি বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নতুন এই ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক (১) এর ধারা প্রযোজ্য হবে না। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত)-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’-এর শেয়ার ধারণের ক্ষেত্রে উক্ত আইনের ১৪ ক(১) ধারা প্রযোজ্য হবে না মর্মে ঘোষণা করেছে। বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ১ আগস্ট মুদ্রিত হয়েছে। এর ফলে এই ব্যাংক শেয়ার ক্রয়ে, শেয়ার সঞ্চয়ে এবং শেয়ার কেন্দ্রীভূত করার ক্ষেত্রে স্বাধীন। ব্যাংকটির কোনও পরিচালক ইচ্ছে করলে ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ পারবেন। এক্ষেত্রে আইনগত কোনও সমস্যা হবে না।
/জিএম/এমএনএইচ/








