ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়তেই হবে হবে মন্তব্য করেছেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান। তিনি বলেন, আজ না হয় কাল অথবা কয়েকদিন পরে। এমন কোনও নজির নেই যে, অনিয়ম করে ধরা পড়েনি। কাজেই যেখানে অনিয়ম করলেই ধরা পড়ব, সেখানে জেনে শুনে কেন অনিয়ম করব? বৃহস্পতিবার মতিঝিলস্থ রূপালী ব্যাংকের ট্রেনিং একাডেমি মিলনায়তনে দু’দিনব্যাপী ট্রেনিং ওয়ার্কশপের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান প্রধান বলেন, ‘রূপালী ব্যাংকের দক্ষ মানব সম্পদ রয়েছে। মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যাংকটিকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে।’ রূপালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আর সে অনুযায়ী কাজ করতে হলে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সবাইকে ব্যাংকের সঠিক অবস্থান জানতে হবে। কোনওভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। কোনও সহকর্মী যেন প্রলোভনের কারণে দুষ্কর্ম না করেন, সে বিষয়েও সতর্ক দৃষ্টি দিতে হবে।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা বলেন, ‘ট্রেনিংয়ে যা শিখেছি, সেটি আমাদের সহকর্মীদের মাঝে শেয়ার করতে হবে এবং বাস্তবে প্রয়োগ করতে হবে।’
/এসআই/এমএনএইচ/








