ছয় দিনের সফরে ইতালি গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিতব্য ‘চতুর্থ মিনিস্ট্রিয়াল মিটিং অন এগ্রিকালচারাল কমোডিটি মার্কেটস অ্যান্ড প্রাইজ অ্যাট এফএও’সভায় যোগদান করবেন। রবিবার সকালে ঢাকা ছেড়ে গেছেন তিনি। সোমবার (৩ অক্টোবর) রোমে এ মিটিং অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এফএও’র মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দা সিলভার আমন্ত্রনে তিনি এ মিটিং এ যোগদান করছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো- ‘লং-টার্ম কমোডিটি প্রাইজ ট্রেন্ডস অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশে^ কৃষি ও কৃষিজাত পণ্য বহুমূখি করণে চ্যালেঞ্জ অনেক। এসডিজি-২০৩০ দারিদ্র ও ক্ষুধা নিরসনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের চাহিদা পূরণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সব বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত হবে এ সম্মেলনে।
আন্তর্জাতিক কৃষি পণ্যের বাজার খুবই অস্থিতিশীল। এসডিজি ২০৩০ অর্জনের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদিত খাদ্য পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা খুবই গরুত্বপূর্ণ বিষয়। এ মিটিংয়ে খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য স্থিতিশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এ কারণে বাংলাদেশের জন্য এ মিটিং বেশ গুরুত্বপূর্ণ।
বাণিজ্যমন্ত্রী আগামী ৭ অক্টোবর শুক্রবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
/এসআই/এমএনএইচ/








