সীমান্ত ব্যাংকের প্রধান শাখার উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ রবিবার রাজধানীর সীমান্ত স্কোয়ারে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় রবিবার থেকে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, রাজধানীর পিলখানার সীমান্ত স্কোয়ারে ব্যাংকটির চেয়ারম্যান বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ব্যাংকটির প্রধান শাখার আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, ব্যাংকের পরিচালকরা, বিজিবি এবং সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিজিবির বর্তমান ও সাবেক সদস্যরা ছাড়াও দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে এ ব্যাংক। সীমান্ত ব্যাংক বর্ডার এলাকার তাদের ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সীমান্তের জনগণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সীমান্ত এলাকার অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সীমান্ত ব্যাংক প্রতিনিয়ত নতুন নতুন ব্যাংকিং সেবা এবং কারিগরি দক্ষতার মাধ্যমে দেশের জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।’
/জেইউ/এমএনএইচ/








