রফতানিতে নগদ আর্থিক সহায়তা পাবে আইসিটি খাত। নতুন করে যেসব পণ্য রফতানিতে উৎসাহ প্রদান করা হচ্ছে, তার মধ্যে আইসিটি অন্যতম। রফতানির জন্য অগ্রাধিকার খাত হিসেবে আইসিটি খাতকে চিহ্নিত করা হয়েছে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে সরকারের আইসিটি ডিভিশন আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড- ২০১৬’ এর শেষদিনে ‘দি রোড টু ফাইভ বিলিয়ন আইসিটি এক্সপোর্ট বাই ২০২১’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পকিল্পনায় দেশের রফতানি বাজার সম্প্রসারণ এবং রফতানি পণ্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার সে মোতাবেক কাজ করছে। আগামী ২০২১ সালের মধ্যে আইসিটি খাতের রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। তখন এ খাতে ২০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’
মন্ত্রী বলেন, ‘আইসিটি রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। সেদিন বেশি দূরে নয় যেদিন আইসিটি খাতের রফতানি তৈরি পোশাক খাতকে ছাঁড়িয়ে যাবে। দেশের নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্য আমরা গর্বিত। তার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করেছিলেন। তার দেওয়া প্রতিশ্রুতি আজ সফল, স্বপ্ন নয়।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আইসিটি খাত বাংলাদেশের রফতানির জন্য একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে দেশের রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আসবে তৈরি পোশাক খাত থেকে। আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার এলে এ সেক্টর অনেক শক্তিশালী হবে।’
বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘চলমান উন্নয়নে বিশ্বের দৃষ্টিও এখন বাংলাদেশের দিকে। সফলভাবে এমডিজি অর্জন করেছে, এখন এসডিজি অর্জনের পথে বাংলাদেশ। গতবছর বাংলাদেশ আইসিটি খাতে রফতানি করে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। রফতানি প্রবৃদ্ধি প্রায় ৩৪ শতাংশ।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকনুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গেস্ট অফ অনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বিভিন্ন উদোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
/এসআই/এমও/








