আগামীকাল সোমবার থেকে দেশের বাজারে স্বর্ণ ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমে পাওয়া যাবে। রবিবার বিকালে স্বর্ণের দর কমানোর এই সিদ্ধান্ত জানিয়েছে জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। নতুন দর আগামীকাল থেকে সারা দেশে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ১০ টাকা।
সারা দেশের জুয়েলার্সে আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৫২৭ টাকা বিক্রি হয়েছে।
সমিতির সিদ্ধান্তের কারণে কাল সোমবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৭ টাকা কমছে। অন্যদিকে রুপার ভরি ১ হাজার ২২৪ টাকা থেকে কমে ৯৩৩ টাকা হবে। এ ক্ষেত্রে দাম কমছে ভরিতে ২৯১ টাকা।
/এমও/








