নতুন শিল্প উদ্যোক্তা ও সৎ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় প্রণোদনা দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক-সিডিএমএ ‘মিনিস্টার-মাইওয়ান এক্সপোর্ট প্রোমিনেন্ট অ্যান্ড বিজনেস কনফারেন্স’-এ এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সৎ ব্যবসায়ীদের ব্যবসা ও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে সব ধরনের প্রণোদনা, সুযোগ ও ছাড় দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ সুযোগ অব্যাহত থাকবে। তবে যারা ব্যবসার সুযোগ নিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের সর্বত্র ব্যবসার পরিবেশ নিশ্চিত হচ্ছে, এনবিআর আর ব্যবসায়ীরা হাত ও হাত মোজার মতো একযোগে কাজ করছে।’
বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে প্রচুর রাজস্ব প্রয়োজন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে পারলে রাজস্ব বাড়বে, রাজস্ব বাড়লে দেশের উন্নয়ন হবে। সরকারের ভিশনও বাস্তবায়ন করা হবে। এ কারণে সৎ ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে এনবিআর। ব্যবসায়ীদের রাজস্ব ছাড়ের পাশাপাশি নতুন নতুন কারখানা গড়ে তোলার জন্যও রাজস্ব ছাড় দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও রাজস্ব ছাড় দেওয়া হবে।’
/জিএম/এমএনএইচ/








