অসাধু ব্যবসায়ীরা যেন ভোক্তার পকেট কাটতে না পারে সেদিকে সরকারের খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি বলেছেন, ‘এরই মধ্যে অর্থমন্ত্রী কৃষি পণ্য ছাড়া সব পণ্যে ভ্যাট ১৫ শতাংশ থাকবে বলে জানিয়েছেন। তবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে কৃষি পণ্যে ভ্যাট বাড়িয়ে দাম বৃদ্ধি করতে পারে। তাই সরকারকে এসব সুযোগসন্ধানী অসাধু ব্যবসায়ীর দিকে খেয়াল রাখতে হবে।’
বুধবার (৩১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘রমজানে ভোক্তা অধিকার নিশ্চিত করুন’ শীর্ষক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় ক্যাব সভাপতি গোলাম রহমান এসব কথা বলেন।
সভায় ক্যাব সভাপতি বলেন, ‘নতুন আইনে অনেক পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপিত হবে। অর্থমন্ত্রী বলেছেন, কৃষি ছাড়া প্রায় সব পণ্যে ভ্যাট ১৫ শতাংশ থাকলেও গ্যাসে ভ্যাটের কারণে দাম বাড়বে না। ফলে ভোক্তার ওপর খুব একটা চাপ পড়বে না। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী সব পণ্যেই ১৫ শতাংশ ভ্যাট বসাবে। সরকারসহ সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।’
গোলাম রহমান আরও বলেন, ‘যারা অসাধু উপায়ে ভোক্তা বা ক্রেতার পকেট কাটতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
চালের বাজার নিয়ে গোলাম রহমান বলেন, ‘গত কয়েক মাসে মোটা চালসহ অন্যান্য চালের দাম বেড়েছে। মোটা চালের দাম বেশি বেড়েছে।’ চালের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে দুদকের সাবেক এ চেয়ারম্যান বলেন, ‘সরকারি গুদামের ক্ষমতা আছে ২০ লাখ টনের বেশি। মজুদ রয়েছে নিম্ন পর্যায়ে। সরকারকে দ্রুত গুদামের ধারণক্ষমতা অনুযায়ী চাল আমদানি করে মজুদ গড়ে তুলতে হবে। সরকারি গুদামে মজুদ থাকলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে ভয় পাবে।’ এছাড়া চালের দাম বাড়ানো ঠেকাতে কৃষককে ন্যায্যমূল্য দেওয়ারও দাবি জানান তিনি।
আরও পড়ুন-
১ জুন থেকে ঢাকায় এক চুলা ৯০০, দুই চুলা ৯৫০ টাকা
/আরএআর/টিআর/








