বুধবার জাতীয় সংসদে পাস হওয়া অর্থবিলে আগামী দুই বছরের জন্য পুরনো ভ্যাট আইন বহাল রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পাশাপাশি ব্যাংকে জমাকৃত আমানতের পরিমাণ ১ লাখ হতে ৫ লাখ টাকার ওপর আবগারি শুল্ক ১৫০ টাকা এবং ৫ লাখ হতে ১০ লাখ টাকার ওপর আবগারি শুল্ক ৫০০ টাকা নির্ধারণ করায় সংগঠনটি সরকারকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলছে, জাতীয় সংসদে পাশ হওয়া অর্থবিলে প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে পূর্বের ভ্যাট আইন বলবৎ রাখায় দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা হ্রাস পাবে।
উল্লেখ্য, বর্তমানে ২০টি সেবা খাত স্তরভিত্তিক মূসক সুবিধার আওতায় রয়েছে এবং ১৭৯টি পণ্য ট্যারিফ ভ্যালু সুবিধার আওতায় রয়েছে। বিদ্যমান ভ্যাট আইন বহাল রাখার ফলে নির্মাণ সামগ্রী, বিস্কুট, জুস, মশলা, পরিবহন, অ্যাপার্টমেন্ট, আসবাবপত্র, তথ্য-প্রযুক্তি সেবা, বিদ্যুৎ এবং রেস্তোরা প্রভৃতি খাতের দাম বাড়বে না। পাশাপাশি ব্যাংক আমানতে আবগারি শুল্ক হ্রাস করায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত আয়ের জনগণ সঞ্চয়ে উদ্বুদ্ধ হবে এবং এসএমই খাত মূলধন সংগঠনে আস্থা ফিরে পাবে।
দেশে সংযোজিত মোটরসাইকেলের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্তকে ঢাকা চেম্বার স্বাগত জানাচ্ছে। ঢাকা চেম্বার মনে করে, এতে করে এই খাতের স্থানীয় উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। দেশে সংযোজিত রেফ্রিজারেটর শিল্পের উপর হতে সম্পূরক শুল্ক হ্রাস করায় আমদানি বিকল্প এ শিল্পটিতে বিনিয়োগ বৃদ্ধি পাবে।
উন্নয়ন সহায়ক সংশোধনী আনার ফলে পাশকৃত অর্থবিলটি দেশের প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকে বেগবান করবে, বলে মনে করে ঢাকা চেম্বার। তবে পাশকৃত অর্থবিলে করপোরেট করের হার অপরিবর্তিত রাখায় দেশি-বিদেশি বিনিয়োগ হ্রাসের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
আরও পড়ুন: দুই বছরের জন্য নতুন ভ্যাট আইন স্থগিত
/জিএম/এমও/








