বাংলাদেশ সফররত জাতিসংঘ শিল্প উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ংয়ের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে রাজধানীর ঢাকা ক্লাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় অর্থমন্ত্রী ইউনিডো’র মহাপরিচালককে স্বাগত জানান এবং ঢাকায় অবস্থানকালে তার সফর আনন্দদায়ক হবে বলে আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এতে বাংলাদেশে শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন বিষয় স্থান পায়।
ইউনিডো’র মহাপরিচালক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যেকোনও উন্নয়নে পাশে থাকবেন বলেও জানান।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘ অন্যতম অংশীদার। জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে এ উন্নয়ন সহযোগিতা করে থাকে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।








