বাংলাদেশের নিটওয়্যার খাতের কর্ম পরিবেশের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণের স্বীকৃতি স্বরূপ ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ পুরস্কার পেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রবিবার (২৯ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্ব মানবসম্পদ উন্নয়ন কংগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন অব বিজনেস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সভাপতি ফারুক সোবহান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।








