সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদে বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, তাতে দ্রুত সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩০ অক্টোবর) ব্যাংকটির শীর্ষ পদে পরিবর্তন আনার কয়েক ঘণ্টার মধ্যে কাজী ওসমান আলীকে এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলছেন, কোনও ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর এত অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়ার ঘটনা এটাই প্রথম।
এর আগে ইসলামী ব্যাংকের স্টাইলে গত সোমবার (৩০ অক্টোবর) বিকালে এসআইবিএলের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়।
এদিকে দ্রুততার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ায় মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ ও নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ওসমান আলী ব্যাংকটির প্রধান কার্যালয়ে গিয়ে যোগদান করেন।
দুপুরে তারা দুজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। ফজলে কবির ছাড়াও তারা ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গেও বৈঠক করেছেন।
বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের আরাস্তু খান জানান, কেবল সৌজন্য সাক্ষাতের জন্য তারা বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন। তিনি বলেন, ‘এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও এমডি এ সময় আমার সঙ্গে ছিলেন।’
প্রসঙ্গত, সোমবার (৩০ অক্টোবর) এসআইবিএলের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। এদিন ব্যাংকটির চেয়ারম্যান মেজর (অব.) ড. রেজাউল হককে সরিয়ে সেখানে নতুন চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফকে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহিদ হোসেনের জায়গায় নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী।
এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয় সরকারের সাবেক সচিব আরাস্তু খানকে। ওই সময় এমডি মোহাম্মদ আবদুল মান্নানের বদলে নতুন এমডির দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আবদুল হামিদ মিঞাকে।
এদিকে এমডি ও চেয়ারম্যান পরিবর্তনের পর সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ব্যাংকটির বেশ কয়েকজন কর্মকর্তা।
আরও পড়ুন:








