সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) নতুন চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর এবার সাত পরিচালক পদত্যাগ করেছেন। এদের মধ্যে চার জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। তারা হলেন- মো. আবদুর রহমান, আবদুল মহিত, এ এফ এম আসাদুজ্জামান ও মইনুল হাসান।
সোমবার (১৩ নভেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তারা। ওই সভায় নতুন করে আরও নয় জন পরিচালক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সাত জন স্বতন্ত্র ও দু’জন শেয়ারধারী পরিচালক রয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এরা ব্যাংকটিতে যোগদান করবেন।
এ প্রসঙ্গে এসআইবিএল-এর চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবারের পর্ষদ সভায় নতুন নয় পরিচালককে অনুমোদন দেওয়া হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘ওই সভায় সাত জন পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’ তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
এর আগে গত ৩০ অক্টোবর এসআইবিএল-এর চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়। ওই দিন একটি হোটেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। ব্যাংকটিতে নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের স্টাইলে এবার এসআইবিএলে পরিবর্তন!








