গাজীপুরের লাক্সমা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকদের স্বল্প সময়ের মধ্যে বেতন পরিশোধের চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাফিনা রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের চেষ্টা করছি। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে আমাদের কোনও শ্রমিকের সঙ্গে এমনটি হয়নি যে তাদেরকে বেতন দেইনি। এবারও হবে না। সাময়িক সমস্যায় আছি। সেটা কাটিয়ে শ্রমিকদের বেতন খুব দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে।’
বকেয়া বেতন পরিশোধের দাবি এবং নোটিশ ছাড়া কারখানা বন্ধ করার প্রতিবাদে রবিবার দুপুর ১২টা থেকে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ করেন গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা। কারখানাটির শ্রমিকরা জানান, গত অক্টোবর মাসের বেতন বাকি রয়েছে। এই বেতন বাকি রেখে মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। তাই তারা আন্দোলনে নেমেছেন।
কারখানাটির চেয়ারম্যান সাফিনা রহমান জানান, ‘এটি অনেক পুরনো এই ফ্যাক্টরি।এতে অতীতে কখনও শ্রমিকদের বেতন বাকি পড়েনি ।’ তিনি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করেছি শ্রমিকদের বেতন যাতে ১ তারিখের মধ্যে দিতে পারি। এবার সমস্যায় পড়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। আমরা ক্রমান্বয়ে সবার বেতনই দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে মোট শ্রমিকদের একটা বড় অংশের বকেয়া পরিশোধ করা হয়েছে। বাকিদেরও পরিশোধ করা হবে। সবাইকে একসঙ্গে দিতে না পারায় আমি শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে এখানে মোট ১৯৮৬ জন শ্রমিক কাজ করেন।
এদিকে ঘেরাও কর্মসূচি চলাকালে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে কয়েকদফা আলোচনা করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ও শ্রমিক প্রতিনিধিরা। তখন কর্মকর্তা আশ্বস্ত করেন মালিকের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার ব্যবস্থা করা হবে।
কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক মো. সামশুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মালিকের সঙ্গে কথা বলেছি। এটা অনেক পুরনো ও ভালো প্রতিষ্ঠান। কী কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে তা কথা বলে সমাধান করার চেষ্টা করছি।








