‘সিপিডির রিপোর্ট ও বিএনপির বক্তব্য এক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৬:০১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:০৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা রিপোর্ট এবং বিএনপির বক্তব্য একই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ১২ জানুয়ারি জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তার পরদিন সিপিডি এই কন্ট্রাডিকটরি গবেষণা রিপোর্ট প্রকাশ করলো।এতেই বোঝা যায়,তাদের উদ্দেশ্য কী? আসলে বিএনপির বক্তব্য ও সিপিডির গবেষণা রিপোর্ট এক।’

রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পত্রিকায় আমি সিপিডির রিপোর্ট দেখে বিস্মিত ও হতবাক হয়েছি। এটি যদি তাদের গবেষণা হয়, তাহলে আমি দুঃখিত। এই রিপোর্ট, এই গবেষণা আমি মানতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘পত্রিকাগুলো সিপিডির সংবাদ বড় করে ছাপে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের রফতানি আয় ছিল ৩৮০ কোটি ডলার। বিএনপির সময় তা ১০ বিলিয়ন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৪ বিলিয়ন ডলার হয়। আমরা সেখান থেকে ২০০৯ সালে যাত্রা শুরু করেছিলাম।গত ৯ বছরে বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করার সক্ষমতা অর্জন করেছে। ২০০৯ সালের আগে দেশে দারিদ্র্যের সীমা ছিল ৪২ শতাংশ। এখন সেটা ২৩ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। অতিদারিদ্র্যের সীমা ছিল ১৭ দশমিক ৬ শতাংশ, যা এখন কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশে। সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। সিপিডি এগুলো চোখে দেখে না। সিপিডির বক্তব্যের সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মেলে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের বছরে সিপিডির এই ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ বিরোধিতাকারীদের হাতে একটি অস্ত্র তুলে দিলো।’

তিনি বলেন,‘নোবেল বিজয়ী অমর্ত্য সেন, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসুসহ বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা যখন বাংলাদেশের অর্থনীতিকে বিস্ময়কর উত্থান বলছেন সেখানে সিপিডি বলছে বাংলাদেশে কিছুই হয়নি। আমি দেবপ্রিয় ভট্টাচার্যকে বলতে চাই, উন্নয়ন যদি না হয় তাহলে বাংলাদেশে এতো বিনিয়োগ হয় কী করে? উনি কি কৌশিক বসু ও অমর্ত্য সেনের চেয়েও বেশি বোঝেন,বেশি জানেন? বাংলাদেশ যেখানে এলডিসিভুক্ত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে সেই মুহূর্তে সিপিডির এই গবেষণা যথার্থ নয়।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউএস ইকোনোমিক সোশ্যাল কাউন্সিল ২০১৭ সালে বাংলাদেশকে মূল্যায়ন করেছে। যে মূল্যায়নে বলা হয়েছে, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। উন্নয়নশীল দেশ হতে তিনটি শর্তও বাংলাদেশ পূরণ করেছে। শর্তগুলোর মধ্যে মাথাপিছু আয় এক হাজার ২৪২ ডলারের বিপরীতে এক হাজার ৬১০ ডলার হয়েছে, মানবসম্পদ উন্নয়ন ৬৬ শতাংশের বিপরীতে বাংলাদেশের উন্নয়ন হয়েছে ৭০ শতাংশ এবং অর্থনীতির ভঙ্গুরতার হার ৩২ শতাংশের বিপরীতে বাংলাদেশে ২৬ শতাংশে নেমে এসেছে। কাজেই ২০১৮ সালে আবার মূল্যায়ন হবে। ২০২১ সালে আবার উন্নয়নশীল দেশ হবো। যা ২০২৪ সালে কার্যকর হবে। বাংলাদেশের জিডিপি গ্রোথ বেড়েছে।’

তিনি আরও বলেন,‘দেশের ৮৩ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পায়।এটা কি প্রশংসিত নয়? সাড়ে তিন হাজার মেগাওয়াট থেকে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। এগুলো কি সিপিডির চোখে পড়ে না? উন্নয়ন না হলে, দেশে বিনিয়োগ না হলে রফতানি বাড়ে কী করে?’

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত ব্যক্তি। সিপিডির প্রতিটি বক্তব্যই নেগেটিভ। তারপরও সিপিডি প্রচার পায়।’

নির্বাচনকালীন সরকার বলে সংবিধানে কিছু নেই বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় যে সরকার থাকে এবং যে সরকারের অধীনে নির্বাচন পরিচালিত হয় সেটিই নির্বাচনকালীন সরকার। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেটিই বুঝিয়েছেন। উদাহারণ দিয়ে তিনি বলেন, গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা আসেননি। আমাদের প্রস্তাব তারা প্রত্যাখান করেন। তখন যারা দায়িত্বে ছিলেন তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘এখন আর সংলাপের সম্ভাবনাও নেই, প্রয়োজনও নেই। নির্বাচনকালীন সরকার বড় হবে নাকি ছোট হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। জীবন থেকে যা হারিয়ে যায় তা কি পাওয়া যায়? নির্বাচনের সময় নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।’

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম