বকেয়া রাজস্ব আদায়ের ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘যাদের কাছ থেকে বকেয়া পাওয়া রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের মাধ্যমে রাজস্ব আদায় করতে হবে। জোর-জুলম করে আমরা রাজস্ব আয় করতে চাই না। ব্যক্তিগত ও সামষ্টিক উপায়ে পাওনা আদায়ে চেষ্টা করতে হবে। আমি কারও মুখ দেখে কোনও কাজ করবো না।’ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর ও শুল্কে রেয়াত সুবিধা কমিয়ে আনার ঘোষণা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘শুধু খুব প্রয়োজনীয় ক্ষেত্রেই রেয়াত সুবিধা থাকবে। আস্তে আস্তে এই রেয়াত সুবিধা থেকে বের হতে হবে। কারণ, আমরা তো এখন শিশু নই। ব্যবসায়ীরাও শিশু নন। সব ক্ষেত্রেই আমাদের পরিপক্বতা এসেছে। কাজেই সবাইকে রেয়াত দেওয়ার প্রথা বন্ধ করতে হবে।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা আছে, মাফ করার সংস্কৃতি আমাদের কমিয়ে ফেলতে হবে।’








