‘সরকারি কর্মকর্তাদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প’সহ সরকারের নতুন ও সংশোধিত মিলে মোট ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদেও নির্বাহী কমিটি (একনেক)। এই ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ৪২৩ কোটি ৭২ লাখ টাকা। এই অর্থের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। রবিবার (৪ ফেরুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরস্থ (এনইসি) জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের সময় পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এই তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘রবিবারের একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হলো—স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’, স্থানীয় সরকার বিভাগের ‘বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়)’, স্থানীয় সরকার বিভাগের ‘বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (৩য় সংশোধিত)’, কৃষি মন্ত্রণালয়ের ‘সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত)’, জননিরাপত্তা বিভাগের ‘র্যাব ফোর্সেস সদর দফতর নির্মাণ’, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘ঢাকাস্থ মিরপুর ৬নং সেকশনে সরকারি কর্মকর্তাদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’, সড়ক পরিবহন ও মহাসড়ক ‘ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল হতে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ (১ম সংশোধিত)’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বিএএফ ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ (৩য় সংশোধিত)’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুর (১ম সংশোধিত)’ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘জাতীয় রাজস্ব ভবন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প।








