ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উত্তরা তৃতীয় ফেজ সংলগ্ন বাউনিয়া, দ্বিগুন, বড়কাঁকড় মৌজায় অধিগ্রহণ করা জমিতে ১৫ তলার ১২টি ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পৃথক তিনটি চুক্তি সই হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিগুলো সই হয়। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ‘ব্লক-এ’-এর অধীন এক হাজার বর্গফুট ইউনিটের ১৫ তলার ছয়টি ভবন নির্মাণ করা হবে। ভবনের প্রতিটি ফ্লোরে ৮টি করে ইউনিট থাকবে। মোট ফ্ল্যাটের সংখ্যা হবে ৬২৪টি। প্রায় ৩৪৮ কোটি ৭৯ লাখ ২৬ হাজার টাকার চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক কাজী ফেরদাউস এবং দক্ষিণ কোরিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান সামহোয়ান এবং বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার জেভি’র পক্ষে সুং জন কিম চুক্তিতে সই করেন।
‘ব্লক-বি’-এর অধীন ৮৫০ বর্গফুট ইউনিটের ১৫ তলার ৬টি ভবন নির্মাণ করা হবে। ভবনের প্রতিটি ফ্লোরে ৮টি করে ইউনিট থাকবে। মোট ফ্ল্যাটের সংখ্যা হবে ৬২৪টি। প্রায় ২৭৬ কোটি ৮০ লাখ টাকার চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক কাজী মো. ফেরদাউস এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড - ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড জেভি (টিসিইএল-এনডিইজেভি)-এর পক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান সই করেন।
অন্যান্য সুবিধার মধ্যে প্রকল্প এলাকায় থাকবে বিদ্যালয়, মসজিদ, কমিউনিটি মার্কেট, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক, খেলার মাঠ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক/ড্রেইন/ল্যান্ড স্কেপিং,গভীর নলকূপ ইত্যাদি নির্মাণ করা হবে। এ জন্য ১৬৫ কোটি ৬০ লাখ ২৪ হাজার টাকার চুক্তিপত্র সই হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক কাজী ফেরদাউস এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড - ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড জেভি (টিসিইএল-এনডিইজেভি)-এর পক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








