‘ঢাকা সিএক্সও সামিট ২০১৮’ এ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিক উৎকর্ষের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর একটি হোটেলে লঙ্কাবাংলার পৃষ্ঠপোষকতায় লাইটহাউজ বাংলাদেশ আয়োজিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, মার্কস অ্যান্ড স্পেন্সার বিডির কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক এবং ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ।
সম্মেলনে ‘কৌশলগত উৎকর্ষ’, ‘বাস্তবায়নগত উৎকর্ষ’, ‘ব্যক্তিগত উৎকর্ষ’ এবং ‘উদ্ভাবনের উৎকর্ষ’ এর মতো বৈচিত্র্যময় চারটি বিষয়ের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেহজাদ মুনিম, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম।
প্রশ্নোত্তর পর্বের উন্মুক্ত আলোচনার মাধ্যমে দিনব্যাপী সম্মেলনের সমাপনী ঘটে। এ পর্বে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনিউরসের প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান। ফোরামে সঞ্চালক হিসেবে ছিলেন লাইটহাউজ বাংলাদেশের প্রধান নির্বাহী নাজমুস আহমেদ।
লাইটহাউজ বাংলাদেশের প্রধান নির্বাহী নাজমুস আহমেদ বলেন, ‘বৃহৎ পরিসরে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিক নেতৃত্বের সর্বোত্তম অনুশীলন নিয়ে ভাবনার আদান-প্রদান করাই আমাদের লক্ষ্য। অর্থনৈতিকভাবে বাংলাদেশ অমিত সম্ভাবনার দ্বার উন্মোচনের মুহূর্তে রয়েছে। এ সময় ভবিষ্যতের প্রতিকূলতা মোকাবিলায় নেতৃত্বের সর্বোচ্চ মান নিশ্চিত করা সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার বলেন, ‘ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যোগ্য নেতৃত্ব সফলতার মূল চাবিকাঠি। আর প্রকৃষ্টতাই যোগ্য নেতৃত্বের সবচেয়ে প্রয়োজনীয় গুণ। লঙ্কাবাংলা উৎকর্ষে বিশ্বাসী। প্রতিষ্ঠানটি করপোরেট ক্ষেত্রের নেতৃত্বের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষে ইতিবাচক অবদান রাখতে চায়।’








