সোনালী ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে এখন থেকে সব ধরনের সরকারি ফি’র ই-চালান পরিশোধ করা যাবে বিকাশের মাধ্যমে। সংশ্লিষ্টদের আশা, এই সুযোগ গ্রাহক ও সোনালী ব্যাংক উভয়ের জন্য সময় ও খরচ সাশ্রয়ী হবে।
সম্প্রতি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
যে কোনও বিকাশ গ্রাহক এখন থেকে কোনও বাড়তি খরচ ছাড়া ই-চালানের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ও ন্যাশনাল আইডি কার্ডের ফি পরিশোধ করতে পারবেন। তথ্য প্রদানের মাধ্যমে নির্দিষ্ট ফরম অনলাইনে পূরণের পর সোনালী ব্যাংকের ই-চালান গেটওয়ে দিয়ে ‘পরিশোধের পদ্ধতি’ অংশে গিয়ে ‘অনলাইন পরিশোধ’ অপশনটি নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ ট্রান্সফারের মাধ্যমে চালানের অর্থ জমা দেওয়া যাবে।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল বলেন, ‘সাধারণ মানুষের চালানের ফি প্রদানের ঝামেলা কমাতে এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আর তাদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।’
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘ই-চালানের মাধ্যমে ছোট অংকের সরকারি অর্থগুলো বিকাশের মাধ্যমে পরিশোধের যে সুযোগ তা মূল ব্যাংকিং সেবার সম্পূরক হিসেবে কাজ করবে।’
এ সময় ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প এটুআই ও মহা-হিসাব নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।








