ব্যাংক খাতে সৃষ্ট সমস্যার সমাধানে আগামী জুলাইয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই খাত নিয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমালোচনা আছে, থাকুক। আই অ্যাম প্রিপেয়ারিং মাই অস্ত্রশস্ত্র।’
মঙ্গলবার (২৬ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ব্যাংক সম্পর্কে সবচেয়ে বড় যে অভিযোগ, সেটি হলো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। একবারে কিছু করতে হবে। কিছু টার্গেট নেওয়া হবে, বাজেটের পর জুলাইতে।’
ব্যাংকে লুটপাট হচ্ছে, এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘লুটপাট মানে হলো, ব্যাংকের পরিচালকরা ব্যাংকের অর্থ ব্যবহার করেন। সেখানে একটা খারাপ জিনিস আছে, যেটা আমাদের দেখতে হবে এবং প্রতিরোধের চিন্তা করতে হবে। সমঝোতা করে পরিচালকরা। আমি এই ব্যাংকের পরিচালক, অন্য ব্যাংকের লোন নিয়েছি। কীভাবে এটি প্রতিরোধ করা যায়, আমি চেষ্টা করবো জুলাইয়ে ঠিক করার। জুলাইয়ে এ জন্যই বলছি যে, আমি মোটামুটি ঠিক করে ফেলেছি। তবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলা প্রয়োজন।’
বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখনও হবে না, ভবিষ্যতেও হবে না।’
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি আয়কর সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে সাধারণ আয়সীমা বিদ্যমান দুই লাখ ৫০ হাজার, নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব তিন লাখ, প্রতিবন্ধী ব্যক্তি চার লাখ ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের চার লাখ ২৫ হাজার টাকা বহাল রয়েছে। প্রস্তাবিত বাজেটের অর্থবিল পাস হবে বুধবার (২৭ জুন) এবং বাজেট পাস হবে ২৮ জুন।








