বাংলাদেশ ও চেক রিপাবলিকের মধ্যে দ্বৈত কর এড়ানোর চুক্তি হতে যাচ্ছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার (২৬ জুলাই) সম্মত কার্যবিবরণী স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী একই পণ্যের জন্য দুই দেশে আর কর দিতে হবে না।
রাজধানীর একটি হোটেলে দু’দেশের মধ্যে সম্মত কার্যবিবরণী স্বাক্ষর হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।
চুক্তির খসড়া স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এনবিআর সদস্য (আন্তর্জাতিক চুক্তি ও কর) কালিপদ হালদার এবং চেক রিপাবলিকের পক্ষে সেদেশের রাজস্ব প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ভ্যাস্লাভ জিকা নেতৃত্ব দেন। দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণে আরও অনুকূল পরিবেশ তৈরির জন্য দুই দফা আলোচনার মাধ্যমে চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয়।
এনবিআর বলছে, দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়াতে এই চুক্তি স্বাক্ষরের প্রয়োজন। চুক্তি স্বাক্ষর হলে চেক রিপাবলিকের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও চেক রিপাবলিকে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। একই আয়ের ওপর দুই দেশে কর বাদ দেওয়াই এই চুক্তির লক্ষ্য। চুক্তি সইয়ের পর বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশে আর কর দিতে হবে না। একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের ওপর যাতে দুই দফা কর দিতে না হয়, সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে। বর্তমানে ৩৩টি দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে। আরও ৬টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা অব্যাহত আছে।








