‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০১৮’ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়ি শাখার উপসচিব শরীফুল ইসলামের সই করা গেজেটটি প্রকাশিত হয়েছে গত বুধবার (২৫ জুলাই)। ওই দিন থেকে এটি কার্যকর করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন গ্রহণের লক্ষ্যে ২০১৭ সালের জারি করা প্রজ্ঞাপন অধিকতর সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।
২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা এককালীন সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ পাবেন।
নতুন গেজেটে বলা হয়েছে, সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিব ছাড়াও বিসিএস (ইকনোমিক) ক্যাডারের যুগ্মপ্রধান বা তার উপরের কর্মকর্তা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মপ্রধান (ড্রাফটিং) থেকে তার উপরের পর্যায়ের কর্মকর্তারা গাড়ি কেনার সুবিধা পাবেন। তবে এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা এ ঋণসুবিধা পাবেন না।
গেজেটে আরও বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া এ গাড়ি কেউ বেচতে পারবেন না।








