কোরবানির পশুর চামড়ার দাম আবারও কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৬:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৩৯

কোরবানির পশুর চামড়ার তুলনামূলক দাম
বাংলাদেশ ট্যারিফ কমিশন বাড়ানোর প্রস্তাব দিলেও আসন্ন ঈদে কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় আরও কমিয়েছে সরকার। এ বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম হবে ঢাকা শহরে ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়াও সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ১৮ থেকে ২০ টাকা এবং প্রতি বর্গফুট লবণযুক্ত বকরির চামড়ার দাম নির্ধারিত হয়েছে ১৩ থেকে ১৫ টাকা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে ট্যানারি মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন।

গত বছরের চামড়ার দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার কোরবানির গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে পাঁচ টাকা করে কমেছে। গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারিত হয়েছিল সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৫৫ টাকা। একইভাবে কোরবানির খাসির চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে কমেছে ২ টাকা করে। গত বছর এর দর ছিল ২০ থেকে ২২ টাকা। অন্যদিকে, কোরবানির বকরির চামড়াতেও এবার প্রতি বর্গফুটে ২ টাকা করে দাম কমিয়েছে সরকার। গত বছর এই দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।
গত বছরের চেয়ে কোরবানির পশুর চামড়ার দাম কমার কারণ সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, মূলত দুটি কারণে এবার কোরবানির পশুর চামড়ার দাম কমানো হয়েছে। প্রথম কারণ, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ব্যাপক হারে কমেছে। দ্বিতীয়ত, সাভারে চামড়া শিল্পনগরী স্থাপিত হলেও এখন পর্যন্ত তা পরিপূর্ণভাবে কাজ শুরু করতে পারেনি। নানা ধরনের ত্রুটি রয়েছে সেখানে। যে কারণে সেখানে এখনও ঠিকভাবে চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না।
এ সময় সরকার চামড়া ব্যবসায়ীদের কাছে জিম্মি কিনা এমন প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, আমরা ব্যবসায়ীদের বন্ধু। সবাই দেশকে ভালোবাসি। আসলেই আন্তর্জাতিক পর্যায়ে চামড়ার সেক্টরটি খারাপ পর্যায়ে আছে। তাই ব্যবসায়ীদের উৎসাহিত করতেই দর কম করে নির্ধারণ করে দিয়েছি। ব্যবসায়ীদের উৎসাহিত করার অর্থ জিম্মি হওয়া নয়। দেশের এই ব্যাপক উন্নয়নে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।
আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর রফতানির অন্যান্য খাতে প্রবৃদ্ধি বাড়লেও চামড়া খাতে রফতানি প্রবৃদ্ধি ১২ শতাংশ কমেছে।
কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের চেয়েও কমানোর কারণে চোরাচালানের মাধ্যমে তা দেশের বাইরে চলে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সীমান্তরক্ষাকারী বাহিনী বিজিবি অত্যন্ত শক্তিশালী। তারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।
এ সময় ট্যানার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের কাছে চলতি বছর চামড়া কেনার লক্ষ্য কত জানতে চাইলে তিনি বলেন, কোনও লক্ষ্য এখনও আমরা নির্ধারণ করিনি। কারণ, গত বছর কেনা চামড়ার ৪০ শতাংশ এখনও মজুত আছে। যার গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে গেছে। চামড়া কেনার জন্য ব্যাংক আমাদের যে ঋণ দিয়েছে তাও অনিশ্চিত। কারণ, গত বছর পাওয়া ঋণ আমরা এখনও পরিশোধ করতে পারিনি।
উল্লেখ্য, বাংলাদেশ ট্যারিফ কমিশন গত বছরের তুলনায় পাঁচ টাকা বাড়িয়ে গরু-খাসি ও বকরির চামড়ার দাম প্রস্তাব করেছিল। কিন্তু, সরকার নির্ধারিত বর্তমান দাম তার থেকে ১০ টাকা কম।

/এসআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম