দেশে রাজনৈতিক সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক চর্চার অভাব প্রকট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের রাজনৈতিক চর্চা জনগণের স্বার্থে হচ্ছে না।
শনিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
দ্য ঢাকা ফোরাম আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন ও মইনুল হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ আবু আহমেদ ও প্রকৌশলী এনামুল হক।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই মুহূর্তে দেশে সবচেয়ে মারাত্মক হলো আইনের শাসনটা নেই। আইন আছে কিন্তু এর বাস্তবায়নের দীর্ঘসূত্রতা আছে। সুশাসন ছাড়া কোনও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য দিনদিন বাড়ছে। উন্নয়নটা সমতাভিত্তিক হচ্ছে না। সমতাভিত্তিক উন্নয়ন না হলে তা টেকসইও হয় না।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের ব্যাংকিং খাতে এখন সুশাসনের অভাব, এই খাতে এখন দুর্নীতি ও অব্যবস্থাপনা জেঁকে বসেছে।’ ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে বলেও মন্তব্য করেন সাবেক এই গভর্নর।
তিনি বলেন, ‘এখন এই খাতের সবচেয়ে বড় সমস্যা হলো সুশাসনের অভাব। অভ্যন্তরীণভাবে ব্যাংকিং খাতে সুশাসন বলতে কিছু নেই। ব্যাংকিং খাতের জন্য যেসব নীতিমালা, আইনকানুন, আন্তর্জাতিক রীতি আছে সেগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে না। তবে সামগ্রিক অর্থনীতির সূচকগুলোর অর্জন ভালো। প্রবৃদ্ধি ছয়ের বৃত্ত থেকে বের হওয়া গেছে। এটি ইতিবাচক। সার্বিক উন্নতি সন্তোষজনক।’
অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।








