রফতানিতে হঠাৎ বিপর্যয়

গোলাম মওলা
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪

রফতানি

রফতানি আয়ে হঠাৎ বিপর্যয় নেমেছে। ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে হঠাৎ করে এ বিপর্যয় নেমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, একমাসের ব্যবধানে রফতানি আয় কমেছে ৩৭ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৭১ কোটি টাকা (প্রতি ডলার ৮৩ টাকা)। গত আগস্টে পণ্য রফতানিতে আয় হয়েছে ৩২১ কোটি মার্কিন ডলার। অথচ গত জুলাইয়েও পণ্য রফতানিতে আয় হয়েছিল ৩৫৮ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত আগস্টে রফতানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে মাইনাস ১১ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ একবছরের ব্যবধানে রফতানি আয় কমেছে ৪৩ কোটি মার্কিন ডলার। গত আগস্টে পণ্য রফতানিতে আয় হয়েছে ৩২১ কোটি মার্কিন ডলারের। ২০১৭ সালের আগস্টে পণ্য রফতানিতে আয় হয়েছিল ৩৬৪ কোটি মার্কিন ডলার।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই রফতানি আয় দেশে আনছেন না। তারা পণ্য রফতানি করছেন ঠিকই, কিন্তু রফতানি আয়ের টাকা দেশে আনছেন না।’ তিনি উল্লেখ করেন, ‘এভাবে  দেশ থেকে টাকা বাইরে চলে যাচ্ছে। দেশ থেকে অর্থপাচার হচ্ছে।’

তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ- এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদেশের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কিছুটা কমলেও সার্বিকভাবে তৈরি পোশাক রফতানি কমে যাওয়ার কথা নয়। অবশ্য নির্বাচনের বছরে অসাধু অনেকেই রফতানি আয় দেশে নাও আনতে পারে। এ কারণে রফতানি আয় হয়ত কমেছে।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রফতানি বেড়েছিল আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৮৮ শতাংশ। ওই মাসে পণ্য রফতানিতে আয় হয়েছিল ৩৫৮ কোটি মার্কিন ডলারের।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে রফতানি প্রবৃদ্ধি ছিল মাইনাস তিন দশমিক ০৯ শতাংশ। একইভাবে মার্চ মাসেও রফতানি প্রবৃদ্ধি ছিল মাইনাস এক দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের জুনে রফতানি আয় হয়েছিল ৩০৩ কোটি ৩০ লাখ ডলার। এই হিসেবে গত বছরের জুনের তুলনায় এই বছরের জুনে রফতানি আয় কমেছে ৯ কোটি ৩৭ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৫১ শতাংশ। দুই মাসে পণ্য রফতানিতে বাংলাদেশের আয় হয়েছে ৬৭৯ কোটি মার্কিন ডলার।

এদিকে, রফতানিতে ধস নামার কারণে বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে ২০১৭-১৮ অর্থবছরে। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় পাঁচ লাখ কোটি টাকা, যা পুরো অর্থবছরের বাজেটের চেয়েও একলাখ ২৩ হাজার কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছে পাঁচ হাজার ৮৮৬ কোটি ৫৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় চার লাখ ৯৪ হাজার কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবছরে চার লাখ ২৬৬ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটের আকার কমিয়ে তিন লাখ ৭১ হাজার কোটি টাকা করা হয়।

এদিকে রফতানি আয় কমে যাওয়া ও আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বেড়েছে। শুধু তাই নয়, আমদানি ব্যয় মেটাতে গিয়ে রিজার্ভ বৃদ্ধির গতিটাই থেমে গেছে। তিন হাজার ৩০০ কোটি ডলারে (৩৩ বিলিয়ন) রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম