আধুনিক দাসপ্রথা ও মানব পাচার নির্মূলে ফাইনান্সিয়াল সেক্টর কমিশন গঠন করেছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটির ৭৩তম সাধারণ পরিষদের সভায় গত ২৪ সেপ্টেম্বর এ কমিটি গঠিত হয়। এতে সহ-আহ্ববায়ক করা হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে।
আর্থিক খাত, বিভিন্ন বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা, রক্ষাপ্রাপ্ত ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক সংস্থাটির লক্ষ্য মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘনকারী এই দু’টি নিপীড়নকে স্থায়ীভাবে নির্মূল করতে বিভিন্ন উপায় খুঁজে বের করা।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক দাসপ্রথা ও মানব পাচার বন্ধের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে ১৯৩টি দেশ প্রতিশ্রুতি দেওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব অপরাধের সঙ্গে যুক্ত অর্থপ্রবাহ চিহ্নিত ও বন্ধ করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছে।
কমিশনের আহ্বায়ক লিসটেনস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. অরেলিয়া ফ্রিক। ড. ইউনূস ছাড়াও অপর সহ-আহ্বায়ক হচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মারিসে পেইন। এ কমিশনের সভাপতি জাতিসংঘ সমর্থিত ‘প্রিন্সিপলস্ ফর রেসপনসিবল ইনভেস্টমেন্ট’-এর প্রধান নির্বাহী ফিয়োনা রেনল্ডস।
ফাইনান্সিয়াল সেক্টর কমিশনের প্রথম পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয় ২০-২১ সেপ্টেম্বর ২০১৮ নিউ ইয়র্কের গ্রিনট্রি এস্টেটে। দ্বিতীয় সভাটি ২০১৯ সালের শুরুতে লিসটেনস্টাইনের ভাদুজ-এ এবং এরপরের সভাটি ওই বছরেরই বসন্তে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








