বাণিজ্য সম্প্রসারণে উত্তরের তিন জেলা আসছে মহাসড়ক নেটওয়ার্কের আওতায়

শফিকুল ইসলাম
২০ অক্টোবর ২০১৮, ২১:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২২:৩৬

বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উত্তরাঞ্চলের তিন জেলা বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট। এই তিন জেলার প্রায় ৬৫ কিলোমিটার সড়ক-মহাসড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নিমিত্ত নন্দীগ্রাম (ওমরপুর)-তালোড়া-দুপচাঁচিয়া-জিয়ানগর-আক্কেলপুর (গোপিনাথপুর) জেলা মহাসড়ক (জেড-৫২০২) এবং নন্দীগ্রাম (কাথম)-কালিগঞ্জ-রাণীনগর জেলা মহাসড়ক (জেড-৫২০৭) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ২৩ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বগুড়ার নন্দীগ্রাম, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, নাটোরের সিংড়া এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ৬৪.২৮ কিলোমিটার সড়ক এই প্রকল্পের আওতায় মহাসড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদফতর বাস্তবায়ন করবে। ২০২১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

২০১৫ সালের ১২ নভেম্বর বগুড়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় এই জেলার উন্নয়নে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় জেলার সড়ক নেটওয়ার্ক বিস্তারিত পর্যালোচনা করে নন্দিগ্রাম-তালোড়া-দুপচাঁচিয়া-জিয়ানগর-আক্কেলপুর এবং নন্দীগ্রাম-কালিগঞ্জ-রাণীনগর এই সড়ক দু’টি উন্নয়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে সড়ক দু’টির ৬৪.২৮ কিলোমিটার রাস্তার প্রস্থ ৩.৭০ থেকে ৫.৫ মিটারে উন্নীতকরণের জন্য প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায়।

প্রস্তাবনায় বলা হয়, প্রকল্পটি সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে এবং এজন্য ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকার বেশি। প্রকল্পটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর মেয়াদের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়।

সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় প্রস্তাবিত বগুড়া সড়ক বিভাগের আওতাধীন সড়কটির দৈর্ঘ্য ৪৬.৭৮ কিলোমিটার এবং ১৭.৫০ কিলোমিটার। এ অঞ্চলের বগুড়া জেলার কাহালু ও দুপচাঁচিয়া,  জয়পুরহাটের আক্কেলপুর, নওগাঁর  বদলগাছি, নাটোরের সিংড়া ও নন্দীগ্রাম কৃষিপণ্য উৎপাদনের জন্য বিখ্যাত। ধান ও আলু উৎপাদনে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় জেলা বিধায় বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটকে কেন্দ্র করে জেলা মহাসড়কসমূহের পাশ দিয়ে কৃষিভিত্তিক অনেক শিল্প-কারখানা গড়ে উঠেছে। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বগুড়া জেলার সড়ক নেটওয়ার্ক বিস্তারিতভাবে পর্যালোচনা করে আলোচ্য সড়ক দু’টি উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের ৬ জুন প্রস্তাবিত প্রকল্পের ওপর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দেওয়া ডিপিপি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ডিপিপিতে প্রাক্কলিত ব্যয় কিছুটা বাড়িয়ে ১৭৯ কোটি ২৩ লাখ টাকা এবং বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয় ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।

জানা গেছে, প্রকল্পের আওতায় বগুড়া বিভাগাধীন দু’টি জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণের মাধ্যমে সড়ক নেটওয়ার্কের মান উন্নয়ন তথা নিরাপদ হবে, সময় বাঁচবে এবং ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠাসহ বগুড়া জেলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহায়ক সড়ক অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে। 

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে এই প্রকল্পের আওতায় সড়ক সংশ্লিষ্ট বাঁধ প্রশস্ত ও উঁচু করা হবে। ফ্লেক্সিবল পেভমেন্ট প্রশস্ত ও মজবুত করা হবে। কালভার্ট নির্মাণ করা হবে ১১টি। সসার ড্রেন নির্মাণ করা ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কাজ উন্নয়ন করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া চেম্বারের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অঞ্চলের সড়ক দু’টি উন্নয়নে দেশের উত্তরাঞ্চল আরেক দফা এগিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এই দু’টি সড়ক অবদান রাখবে জিডিপিতেও। লাভবান হবে এ অঞ্চলের কৃষি ও কৃষক।

এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার ব্যবসা বান্ধব সরকার। তাই ব্যবসা সম্প্রসারণে প্রধানমন্ত্রী এ অঞ্চলের সড়কগুলোকে উন্নয়নের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই এ প্রকল্পটি এখন বাস্তবায়নের পথে। দেশের উন্নয়ন করা সরকারের প্রধান কাজ। তাই দেশ ও জনগণের কল্যাণে এ প্রকল্প ভূমিকা রাখবে।’

 

/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম