২০২৪ সালে ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বর্তমানে দেশের মোট রফতানির ৮১ দশমিক ২৩ ভাগ আসে তৈরি পোশাক রফতানি থেকে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ সময় তৈরি পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।’
বুধবার (২৩ জানুয়ারি) ‘১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল ও চায়নার সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্স এই আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক রফতানিতে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতের রফতানি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ব্যাংকের লোন সহজ ও সুদের হার কমানো প্রয়োজন। আমাদের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান এখন ৩২ ভাগ। দ্রুতগতিতে দেশে শিল্পায়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। অনেকগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশের উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠতে বেশি সময়ের প্রয়োজন হবে না।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। পাকিস্তান থেকে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে আছে এবং ভারত থেকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে। দেশের এগিয়ে যাওয়ার জন্য সকল ক্ষেত্রে কাজ চলছে। দেশে শিল্পায়নের জন্য চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।’
সেমস গ্লোবালের কর্ণধার মিজ মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সহ-সভাপতি মনসুর আহমেদ ও চায়নার সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্স’র পরিচালক সেন জেন।
উল্লেখ্য, মেলায় ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে রয়েছে নিত্যনতুন প্রযুক্তি, সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রঙ, রাসায়নিক দ্রব্যাদি এবং উদ্ভাবনী কাঁচামাল। চারদিনের এই মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।








